সমস্যাগ্রস্ত পাঁচ বেসরকারি ইসলামী ব্যাংককে একীভূত করার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ মহসিব হোসেন জানান, রিটে শেয়ারহোল্ডারদের স্বার্থসংকট তুলে ধরা হলেও আদালত আবেদনটি খারিজ করেন। শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ রিটের বিরোধিতা করেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের উদ্যোগের বিরুদ্ধে গত ১৮ নভেম্বর রিট আবেদনটি করা হয়।
আবেদনে দাবি করা হয়, নতুন ব্যাংকের গঠনে বিদ্যমান সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা হয়নি এবং তাদের কোনো শেয়ার দেওয়ার সিদ্ধান্তও নেই। তবে রাষ্ট্রপক্ষ জানায়, ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী একীভূতকরণ হয়েছে এবং এই আইনে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের কোনো বিধান নেই।
এর আগে, ৯ অক্টোবর পাঁচ সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকটি ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ বা ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’—দুটি নামের যেকোনো একটি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।






















































