স্টাফ রিপোর্টার
রাজশাহী | ১৬ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। এ পর্যন্ত মোট ১১টি প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির ছাড়া পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি অন্য কোনো সংগঠন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২৪৭ জন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাত্রদল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ নামে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। অন্যদিকে শিবির ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, যেখানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনও যুক্ত আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা ভাগ হয়ে গড়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ ও ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’। এর মধ্যে তাসিন খান নামে এক নারী শিক্ষার্থী প্রথমবারের মতো ভিপি পদে লড়ছেন।
এ ছাড়া ‘অপরাজেয় ৭১–অপ্রতিরোধ্য ২৪’ (ছাত্র ইউনিয়ন সমর্থিত), ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ (ইসলামী ছাত্র আন্দোলন), ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’, ‘ইউনাইটেড ফর রাইটস’ এবং ‘ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’ নামে আরও কয়েকটি প্যানেল ঘোষণা হয়েছে।
নির্বাচন ঘিরে ইতিমধ্যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।



















































