একীভূত পাঁচ ব্যাংকের আমানতে ‘হেয়ারকাট’ বাতিলের পথে, মুনাফাসহ টাকা ফেরত পাবেন গ্রাহকরা

0
75

ঢাকা, ২৪ জুলাই — একীভূত হওয়া ইসলামি ধারার পাঁচ ব্যাংকের আমানতের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নরের অনুমোদন মিললে ব্যক্তি আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে আগের নির্ধারিত হারেই পুরো মুনাফা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি বর্তমানে গভর্নরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়ার পর সিদ্ধান্ত কার্যকর হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ক্ষেত্রে আগের ঘোষিত মুনাফার হারই বহাল থাকবে। তবে ২০২৬ সাল থেকে এসব ব্যাংকের আমানতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সর্বোচ্চ ৬ দশমিক ৫ শতাংশ মুনাফার হার প্রযোজ্য হবে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ২০২৪–২৫ সালের আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার নির্দেশ দেয়। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ব্যক্তি আমানতকারীদের জন্য ৪ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়। এতে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।

এদিকে একীভূত পাঁচ ব্যাংক থেকে প্রশাসকও পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী এক থেকে দুই মাসের মধ্যে ধাপে ধাপে প্রশাসক সরিয়ে নেওয়া হবে। প্রথমে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হতে পারে।

এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বলেছিলেন, একীভূত ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ মুনাফাসহ ফেরত পাবেন। একই সঙ্গে ব্যাংক খাতে শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনতে সরকার ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় পুনর্গঠনের কাজ এগিয়ে নিচ্ছে।

Previous articleবাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন মার্কিন শুল্ক
Next articleরাষ্ট্রপতির পদত্যাগ যথেষ্ট নয়, গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here