কুমিল্লার হোমনায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবকের বাড়ি ও স্থানীয় একটি মাজারে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্ত যুবক মহসিন (৩৫) হোমনার আছাদনগর গ্রামের আলেকশাহের ছেলে। স্থানীয়রা জানান, তিনি ‘বেমজা মহসিন’ নামে একটি ফেসবুক আইডি থেকে বুধবার সকালে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এতে উত্তেজিত জনতা বিক্ষোভ করে তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে বৃহস্পতিবার পুলিশ মহসিনকে আদালতে পাঠায়।
এর আগে সকালে স্থানীয়রা তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়ির পাশের একটি মাজারেও আগুন দেওয়া হয়। এতে মোটরসাইকেলসহ আসবাবপত্র পুড়ে যায়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




















































