জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে গণভোটের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)। তিনি বলেছেন, জনগণ যদি গণভোটে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে তার দল আর পিআরের দাবিতে আন্দোলন করবে না।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
শায়েখে চরমোনাই বলেন, “পিআর নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করছি। জরিপে দেখা গেছে, দেশের অধিকাংশ মানুষ পিআর চায়। এখন বিএনপি যদি সত্যিই জনতার ওপরে আস্থা রাখে, তবে তাদের আপত্তি কী? তারা ৯০ শতাংশ ভোট পেয়ে এককভাবে দেশ চালাক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু গণভোট দিন। যদি জনগণ পিআরের বিপক্ষে রায় দেয়, আমরাও আর এই দাবি তুলব না।”
তিনি আরও বলেন, “সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং পিআরে নির্বাচন হতে হবে। এটা জনতার দাবি। কেন আপনারা এই দাবি মানছেন না? সমস্যা কোথায়? নাকি ভারত চায় না বলে গড়িমসি করছেন?”
সমাবেশে ইসলামী আন্দোলনের অন্যান্য নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি; রাষ্ট্রের মৌলিক সংস্কারই ছিল এর মূল লক্ষ্য। নির্বাচনের আগে সেই সংস্কার ও বিচার কার্যকর করতে হবে, নইলে নির্বাচন সুষ্ঠু হবে না।























































