নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বন্দর ও ঢাকার পানগাঁও কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে সরকার। ডিসেম্বরে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ রোববার (১২ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে জানান, লালদিয়া টার্মিনাল ৩০ বছরের জন্য, আর নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও পানগাঁও টার্মিনাল ২৫ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে।
তিনি বলেন, “২০২০ সালে বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগের পর সরকার ছয় মাস আগে তাদের প্রতিবেদন পেয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী বন্দরের ট্যারিফও বাড়ানো হয়েছে।”
সরকারি নথি অনুযায়ী, নতুন ট্যারিফ কাঠামোটি বিশ্বব্যাংক গ্রুপের আইএফসি প্রস্তাবিত কাঠামোর সঙ্গে মিল রয়েছে। আইএফসি পতেঙ্গা ও লালদিয়া টার্মিনালের কনসেশন চুক্তির খসড়া তৈরি করেছে।
ইতোমধ্যেই পতেঙ্গা টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)। শিগগিরই এনসিটি যাবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে। এদিকে ডেনমার্কের শিপিং কোম্পানি মায়েরস্ক নজর রেখেছে লালদিয়া টার্মিনালের দিকে।
সমালোচকদের অভিযোগ, নতুন ট্যারিফ কাঠামো দেশি অপারেটরদের চেয়ে বিদেশি কোম্পানিগুলোকেই বেশি সুবিধা দেবে। তবে সরকার বলছে, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা ও প্রতিযোগিতা বাড়ানোই তাদের লক্ষ্য।























































