বাংলাদেশ এখন স্থিতিশীল এবং ব্যবসার জন্য উন্মুক্ত—দেশি ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে এই আস্থা ফিরিয়ে আনাকে বর্তমান সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত ‘রোড ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে সরকার কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা থেকে শুরু করে বড় শিল্পগোষ্ঠীর জন্য স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করার কার্যক্রমও চলছে।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতির ধীরগতি, ভূরাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্য নীতির অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
ড. খলিলুর রহমান আরও বলেন, সরকারের উন্নয়ন রূপকল্প তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে—স্থিতিশীলতা, সংস্কার ও উন্নয়ন। ব্যবসায়ী সম্প্রদায়কে সরকারের কৌশলগত অংশীদার উল্লেখ করে তিনি ব্যবসায়িক জটিলতা দূর করার প্রতিশ্রুতি দেন।
সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















































