নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি ন্যায়বিচারের পক্ষে। তিনি বলেন, “আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, তবে আপনাকে আমরা আমাদের পক্ষের মানুষই মনে করব। এনসিপি করে বেইনসাফি করার সুযোগ নেই।”
রোববার কুমিল্লার দেবিদ্বারের বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপির উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, মোটরসাইকেল শোডাউন ও পেশিশক্তির রাজনীতির যুগ শেষ হয়ে গেছে। “১০টা হোন্ডা, ২০টা গুন্ডা নিয়ে নির্বাচন ঠান্ডা করার সময় ৫ আগস্টে শেষ হয়েছে। নেতৃত্ব নির্ভর করবে নেতার গুণাবলির ওপর, হোন্ডা-গুন্ডার ওপর নয়।”
তিনি আরও বলেন, অপরাধ করতে শক্তির প্রয়োজন হয়। রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয় পর্যায়ে অনেকে অপরাধী হয়ে ওঠেন। তবে গ্রামে মানুষজন যদি অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ায়, অপরাধীরা আর সাহস পাবে না।






















































