“শিকড়ের টানে ফিরি,
শিকড়ই আমার শিখরে যাওয়ার সিঁড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকাস্থ কুতুবদিয়ার শিক্ষার্থীদের একমাত্র সংগঠন ‘দ্বীপশিখা’ (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা) সাফল্যের ১০ম বর্ষে পদার্পণ করেছে। ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
বঙ্গোপসাগরের কোলঘেঁষা কুতুবদিয়া দ্বীপের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শিক্ষা সহায়তা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নিচতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। ‘শিক্ষা’, ‘প্রগতি’ ও ‘বন্ধন’— এই তিনটি মূলনীতিকে ধারণ করে গড়ে ওঠা দ্বীপশিখা বর্তমানে ঢাকায় অধ্যয়নরত কুতুবদিয়ার শিক্ষার্থীদের একটি সুসংগঠিত ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই দ্বীপশিখা কুতুবদিয়া থেকে আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি, বিষয় নির্বাচন, হলে আসন প্রাপ্তি এবং শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়িয়ে আসছে। একই সঙ্গে উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা বিষয়ক সেমিনার, ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী, বনভোজন ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজন নিয়মিতভাবে পরিচালনা করছে।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, রমজানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কুতুবদিয়ার বিভিন্ন উন্নয়ন দাবিতে মানববন্ধনের মতো সামাজিক কার্যক্রমও সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে অন্যতম।
দ্বীপশিখার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে কুতুবদিয়ার বিভিন্ন প্রতিষ্ঠিত ও কৃতী ব্যক্তিত্বের দিকনির্দেশনায় সংগঠনটি এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, “আগামী প্রজন্মের জন্য একটি টেকসই, নিরাপদ ও সমৃদ্ধ কুতুবদিয়া গড়ে তুলতেই আমাদের এই প্রয়াস।”























































