চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছানোর পর তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ড. জুবাইদা রহমান। স্টেশনে চীনা কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে নেওয়া হয়। সফরকালীন সময় তিনি ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দেশটির কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি রয়েছে।
এর আগে বুধবার সকালে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি উদ্ভাবন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।




















































