আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর — এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।’
আজ শনিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “খুলনার দিকে সরকারের বিশেষ নজর রয়েছে। অর্থনীতির কাঠামোগত দুর্বলতা সত্ত্বেও খুলনার সম্ভাবনাময় খাত— যেমন জুতা, ব্যাটারি ও মোংলা বন্দর কেন্দ্রিক ইকোনমিক জোন—সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।”
আরো যেসব বিষয়ের ওপর তিনি আলোকপাত করেন:
- খুলনায় নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
- দেশের সব জুট মিল স্কুলকে সরকারি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
- খুলনার উপকূলীয় এলাকায় সুপেয় পানির প্রকল্প ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসন প্রকল্প প্রক্রিয়াধীন।
- গ্যাসের ওপর নির্ভরতা না বাড়িয়ে দক্ষ শ্রমিক দিয়ে কর্মসংস্থান তৈরির পরিকল্পনা চলছে।
- কুয়েট–এর ভিসি সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
- আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বলবৎ আছে।
- প্রতিটি মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও সুশাসন ফেরাতে সংস্কার চলমান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।





















































