নিজস্ব প্রতিবেদক
মুদিদোকান, পোশাক বিক্রয়কেন্দ্র, রেস্তোরাঁ ও বিউটি পার্লারসহ ১৬টি ব্যবসা ও সেবাখাতকে মূল্য সংযোজন করের (ভ্যাট) সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। রাজস্ব আহরণ বৃদ্ধি ও করজাল সম্প্রসারণের অংশ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরে এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১ লাখ ৪৯ হাজার ৫৮৬ কোটি টাকা। রাজস্ব বাড়াতে নতুন নতুন ব্যবসা ও সেবাখাতকে ভ্যাট ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব খাতকে ভ্যাটের সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, তার মধ্যে রয়েছে মুদিদোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রয়কেন্দ্র, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য এবং জুতার দোকান।
এ ছাড়া হার্ডওয়্যার পণ্য বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার এবং স্যানিটারি-ফিটিংস ব্যবসা, টাইলসের দোকান, ডাকটাইল পণ্য বিক্রেতা, রড ও সিমেন্ট ব্যবসা, ফার্নিচার শোরুম, বিউটি পার্লার, মিশ্র ভাণ্ডার এবং রেস্তোরাঁ খাতও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।
সরকারের আশা, এসব খাতকে ভ্যাট ব্যবস্থার আওতায় আনা গেলে রাজস্ব আয় বাড়বে এবং করজাল আরও সম্প্রসারিত হবে।



















































