দ্বিতীয় দফায় বেনাপোল দিয়ে গেল ২৬ হাজার কেজি ইলিশ

0
187

দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় আরও ২৬ হাজার ৩৫৮ কেজি ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। শুক্রবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয়টি ট্রাকে এ চালান যায়।

এর আগে মঙ্গলবার রাতে প্রথম চালানে সাতটি ট্রাকে ৩৭ হাজার ৪৬০ কেজি ইলিশ পাঠানো হয়েছিল। দুই দিনে ভারতে রপ্তানি হলো মোট ৬৩ টন ৮১৮ কেজি ইলিশ।

প্রতিটি ইলিশের ওজন এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজির মধ্যে। কেজিপ্রতি ১২ দশমিক ৫০ মার্কিন ডলারে রপ্তানি করা হচ্ছে মাছগুলো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘‘বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রপ্তানিকারকদের আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। তাই দ্রুত ইলিশ পাঠানো হচ্ছে।’’

চলতি বছর দুর্গাপূজাকে ঘিরে এক হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। অনুমতি পাওয়া ৩৭ প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে রপ্তানি করতে পারবে।

Previous article‘অনুপযোগী, অগ্রহণযোগ্য’: নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ
Next articleএকটি শ্রেণি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন চায়: জামায়াত নেতা রফিকুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here