ঢাকা, ৯ জুলাই — চলতি ২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন । তাঁর ভাষ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা লক্ষ্য পূরণে পুরোপুরি প্রস্তুত রয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “রাজস্ব আদায় খুব ভালো হবে। এনবিআরের সবাই গিয়ারড আপ। ইনশাআল্লাহ, আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা অর্জন করতে পারব।”
চলতি অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এত বড় হারে রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।
বৈঠকে এনবিআরের চেয়ারম্যান , অর্থ বিভাগের সচিব এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারাও অংশ নেন।
ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার ধারাবাহিকভাবে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপ করছে। কোথায় কী সমস্যা রয়েছে এবং কীভাবে তা সমাধান করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।
তিনি জানান, ব্যবসা সহজ করতে ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল (ডি-রেগুলেশন) করা হয়েছে। এরপরও যেসব সমস্যা রয়েছে, সেগুলোও আলোচনার মাধ্যমে ধাপে ধাপে সমাধান করা হবে বলে আশ্বাস দেন।




















































