হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, মস্তিষ্কে গুরুতর ক্ষতি: মেডিকেল বোর্ড

0
123

নিজস্ব প্রতিবেদক

মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে এবং তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড এসব তথ্য জানিয়েছে।

এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে ১৩ সদস্যের একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড হাদির চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মেডিকেল বোর্ড জানায়, হাদির মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তাঁর রক্তচাপ ও হৃদ্‌স্পন্দন বারবার ওঠানামা করছে। রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধসহ প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হচ্ছে। হৃদ্‌স্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার বসানোর প্রস্তুতিও রাখা হয়েছে।

চিকিৎসকেরা জানান, গুলিবিদ্ধ হওয়ার ফলে তাঁর ফুসফুসেও আঘাত রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত জটিলতা এড়াতে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

মেডিকেল বোর্ড আরও জানায়, অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় এখন তাঁকে রক্ষণশীল চিকিৎসা ব্যবস্থাপনায় রাখা হয়েছে। ব্রেন প্রটেকশন প্রটোকল অনুসরণ করে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় মস্তিষ্কের সিটি স্ক্যান করা হতে পারে।

জটিল অবস্থার মধ্যেও কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বোর্ডের ভাষ্য অনুযায়ী, হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে এবং রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণজনিত জটিলতা (ডিআইসি) অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

রোগীর গোপনীয়তা ও সংক্রমণ ঝুঁকি বিবেচনায় হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছে মেডিকেল বোর্ড। কোনো দর্শনার্থীকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

ডা. মো. জাফর ইকবাল বলেন, ‘আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। রোগীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’ তিনি প্রাথমিক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

Previous article‘অপারেশন ডেভিল হান্ট’ দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে, প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
Next articleরাশিয়া–যুক্তরাষ্ট্র উত্তেজনা কমলে বৈশ্বিক অর্থনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here