নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলার আনার ইঙ্গিত দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার তিনি বলেন, “আমরা প্রতিযোগিতা আনার পরিকল্পনা করছি। যাত্রী ও কার্গো সেবায় মর্যাদাপূর্ণ মান নিশ্চিত করতে চাই।”
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বিমান আপাতত দুই বছরের জন্য দায়িত্ব পাবে। তবে কর্মদক্ষতার মানদণ্ডে ব্যর্থ হলে বেসরকারি অপারেটর অন্য কোনো স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হাতে গ্রাউন্ড হ্যান্ডলিং দিতে পারবে।
নতুন টার্মিনাল পরিচালনা নিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএবি) ও একটি জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আলোচনা চলছে। বিদেশি এয়ারলাইনগুলো দীর্ঘদিন ধরে বিমানের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে।
বিমান বর্তমানে দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং করে এবং বছরে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করে। তবে দেরি, অদক্ষতা ও মাঝেমধ্যে চুরির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা বছরে ২ কোটি ৪০ লাখে পৌঁছাবে।




















































