নিজস্ব প্রতিবেদক
আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.২৯ শতাংশে। গত তিন বছরের মধ্যে এটিই সর্বনিম্ন হার।
রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানায়। জুলাইয়ে এই হার ছিল ৮.৫৫ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে কমেছে ০.২৬ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশে।
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৩৮ শতাংশ থেকে নেমে আগস্টে হয়েছে ৮.৯০ শতাংশ।
তবে মজুরি বৃদ্ধির হার এখনও মূল্যস্ফীতির নিচে রয়েছে। আগস্টে শ্রমিকদের মজুরি বৃদ্ধি দাঁড়ায় ৮.১৫ শতাংশে। এতে টানা ৪৩ মাস ধরে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় চাপের মুখে রইল।
অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যের দামে কিছুটা স্বস্তি মিললেও সার্বিক চাপ এখনো বেশি। কেন্দ্রীয় ব্যাংক নতুন অর্থবছরে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে।




















































