নিজস্ব প্রতিবেদক
জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় সব ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের আইনি কাঠামোর আওতায় এনে সুরক্ষা দিয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপগুলো রাজনৈতিক অঙ্গীকার ও জননীতিরও অংশ বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার আইনি কাঠামোর মাধ্যমেই সুরক্ষা নিশ্চিত করতে পারে। জুলাই চেতনায় বিশ্বাসী সরকার জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করেছে এবং ভবিষ্যতে আরও কোনো সুরক্ষার প্রয়োজন হলে তা বিবেচনা করা হবে।
সংসদে বক্তব্য দিতে গিয়ে রোকেয়া বেগম অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত হলেও রাজনৈতিক সুরক্ষা যথেষ্ট নয়। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের জন্য নতুন কোনো ধরনের সুরক্ষার প্রস্তাব এলে সরকার তা পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।






















































