বাংলাদেশ সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, মানবপাচার রোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিচারিক সহযোগিতা জোরদারের ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালান ঠেকাতে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে অপরাধ তদন্তে তথ্য ও প্রমাণ দ্রুত বিনিময়ের সুবিধার্থে ‘ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা’ চুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধী প্রত্যর্পণ ব্যবস্থাকে কার্যকর করার বিষয়েও মতবিনিময় করেন দুই মন্ত্রী।
সাইবার অপরাধ ও সংগঠিত অপরাধ মোকাবিলায় নিরাপদ যোগাযোগব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানান। এ বিষয়ে পাকিস্তান কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
সন্ত্রাসবাদ, মাদক পাচার, চোরাচালান ও নথি জালিয়াতি রোধে পাকিস্তান একটি খসড়া চুক্তির প্রস্তাব দিয়েছে বলেও বৈঠকে জানানো হয়। বর্তমানে বাংলাদেশ সরকার সেই খসড়া পর্যালোচনা করছে।




















































