কুতুবদিয়ার শিক্ষার্থীদের ঐক্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে “দ্বীপশিখা — কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন”-এর নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইয়ারিদুল মঈন সজাত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিসান। উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী।
সভাপতি মোহাম্মদ ইয়ারিদুল মঈন সজাত, যিনি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থী, জানান— সংগঠনের সদস্যদের জন্য মেন্টরশিপ নেটওয়ার্ক, ক্যারিয়ার ওয়ার্কশপ, সামাজিক অনুষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম ও ম্যাগাজিন প্রকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়াও কুতুবদিয়ার শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেমিনার, Disaster Response Team গঠন, জনদাবি উপস্থাপন এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “সকলের সক্রিয় অংশগ্রহণেই এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন সম্ভব হবে।”
অন্যদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ জিসান, যিনি ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী, বলেন— “আমার পরিকল্পনা হলো দ্বীপশিখাকে শিক্ষা, প্রগতি ও বন্ধনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে ঢাকায় অধ্যয়নরত কুতুবদিয়ার শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে এবং কুতুবদিয়ার অবহেলিত শিক্ষার্থীরা উচ্চশিক্ষার স্বপ্ন দেখার সাহস অর্জন করবে।”
তিনি আরও জানান, উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, নিয়মিত মেন্টরশিপ, ক্যারিয়ার গাইডলাইন, মতবিনিময় সভা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে কুতুবদিয়ার শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যেতে চান।
নতুন নেতৃত্বের এমন পরিকল্পনা ইতোমধ্যেই কুতুবদিয়ার শিক্ষার্থী ও তরুণ সমাজের মাঝে আশাবাদ তৈরি করেছে।






















































