নিউইয়র্ক প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬
আগামী ২২ থেকে ২৫ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর। ‘যত বই, তত প্রাণ’ স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম বলেন, বিদেশের মাটিতে বাংলা ভাষা ও বইকে কেন্দ্র করে শুরু হওয়া এই মেলা এ বছর ৩৫ বছরে পা রাখছে। এই মাইলফলক উপলক্ষে বাংলা ভাষা ও সাহিত্যকে যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এবারও সফলভাবে মেলাটি আয়োজন করা সম্ভব হবে।
মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা বাংলা ভাষাভাষী লেখক ও পাঠকদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পাশাপাশি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা লেখক-পাঠকেরাও এতে অংশ নেন। প্রতি বছর মেলার পরিসর ও অংশগ্রহণ বাড়ছে, যা আনন্দের।
সংবাদ সম্মেলনে জনপ্রিয় লেখক সাদাত হোসাইন বলেন, দেশের বাইরে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা এখন বাঙালির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. ফারুক আজম। এতে আরও বক্তব্য দেন ডা. মঈনউদ্দীন মুনশী, কানাডাপ্রবাসী লেখক জসিম মল্লিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজসহ বিভিন্ন প্রকাশক ও সাহিত্যিক।
উল্লেখ্য, ১৯৯২ সালে যাত্রা শুরু করা নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন প্রথা অনুযায়ী প্রতি বছর একজন বিশিষ্ট লেখক করে থাকেন। গত ৩৪ বছরে দেশের ও দেশের বাইরে বহু প্রথিতযশা লেখক এই মেলার উদ্বোধন করেছেন।



















































