সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

0
98

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১২ জানুয়ারি ২০২৬

আগামী ২২ জানুয়ারি পীর–আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২২ জানুয়ারি সকালে তারেক রহমান সিলেট শহরে হযরত শাহজালাল (রহ.) এবং পরে খাদিমনগরে হযরত শাহ পরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের মধ্য দিয়েই তাঁর নির্বাচনী প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বিএনপির দলীয় ঐতিহ্য অনুযায়ী, দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তারেক রহমান সিলেট থেকে প্রচারণা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপিতে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ–উদ্দীপনা দেখা যাচ্ছে। জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।

তিনি আরও বলেন, প্রায় দুই দশক পর তারেক রহমান সিলেট সফরে আসছেন। দলীয় চেয়ারম্যান হিসেবে এটিই তাঁর প্রথম সিলেট সফর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করছে।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় তিনি বক্তব্য দেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, সিলেটের এই জনসভাই হবে চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রথম বড় প্রকাশ্য সমাবেশ, যেখানে তিনি দলের নির্বাচনী অঙ্গীকার ও দিকনির্দেশনা জনগণের সামনে তুলে ধরবেন। সফরের চূড়ান্ত কর্মসূচি পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

Previous articleজানুয়ারির ১২ দিনেই ৭০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Next articleনিউইয়র্কে বসছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা, শুরু ২২ মে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here