নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেছেন, আগে শোনা যেত আদালতের রায় থেকে আসত। তবে সেই সময় এখন শেষ হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার ঢাকায় আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘আমরা শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে। আমরা মনে করি সেই যুগের অবসান হয়েছে। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেখানে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে ফ্যাসিবাদের সময়ে বিভিন্ন বারে নির্বাচনের নামে জোরজবরদস্তি করে দখল নেওয়া হয়েছিল। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। আইনের শাসন প্রতিষ্ঠা ও সংসদকে কার্যকর করতে আইনজীবীদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়া উচিত।
আইনজীবীদের সংসদে যাওয়ার সুযোগ তৈরিতে আইনজীবী অধিকার পরিষদ কাজ করবে বলেও জানান তিনি। এজন্য ভবিষ্যতে বিভিন্ন বার নির্বাচনে অংশ নিয়ে সারা দেশের আইনজীবীদের সংগঠিত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফসহ অন্যরা।























































