সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে সারা দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন আগে থেকেই ‘ব্যাংক হলিডে’ নির্ধারিত থাকায় গ্রাহকদের সঙ্গে সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।
তবে ২০২৫ সালের বার্ষিক ও অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী কার্যক্রম সম্পন্ন করার প্রয়োজনে ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় তাদের সংশ্লিষ্ট শাখা বা বিভাগ খোলা রাখতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।




















































