খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

0
112

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারত সরকার ও সে দেশের জনগণের প্রতিনিধিত্ব করবেন। বিবৃতিতে বলা হয়, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সময়সূচি অনুযায়ী ড. জয়শঙ্কর ঢাকায় পৌঁছাবেন।

অন্যদিকে, ঢাকায় পাকিস্তান হাইকমিশন এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসতে পারেন।

এর আগে আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে মারা যান বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া খালেদা জিয়া দীর্ঘ কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।

খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানেরা শোক ও সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও গভীর শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদান একটি স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।

Previous articleরাষ্ট্রীয় শোক উপলক্ষে আগামীকাল সব ব্যাংক বন্ধ
Next articleখালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার, কুশল বিনিময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here