বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ব্যবসায়ী নেতারা। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, রাজনৈতিক ইস্যু নয়—ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেওয়া, এলডিসি গ্রাজুয়েশন ও শ্রম আইন সংশোধন নিয়েই বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, “দেশের ব্যবসা-বাণিজ্য কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা কথা বলছি।”
গত সপ্তাহে জামায়াতের আমীর শফিকুর রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠককে ঘিরে ব্যাপক আলোচনা হয়েছিল। তার এক সপ্তাহের মাথায় এবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন ব্যবসায়ী নেতারা।



















































