নিজস্ব প্রতিবেদক
ঢাকা | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, এবং কুটিরশিল্পে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
প্রধান উপদেষ্টা বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল (১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী জাতীয় সমবায় দিবস পালিত হবে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সকল সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
তিনি আরও বলেন, দেশ ও জনগণের উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ অনায়াসে করা সম্ভব।
ড. ইউনূস বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। “অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সমবায়ের ভূমিকা অপরিসীম,”—যোগ করেন তিনি।
সবশেষে প্রধান উপদেষ্টা আহ্বান জানান, “আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”
তিনি জাতীয় সমবায় দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।




















































