চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার কিছুটা বেড়েছে, তবে ব্যয় কমেছে ১ হাজার ৫৭ কোটি টাকা।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি সময়ে এডিপি বাস্তবায়নের হার ৫.০৯ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪.৭৫ শতাংশ। তবে বাস্তব ব্যয় কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৫৮ কোটি টাকায়; গত বছর একই সময়ে ব্যয় হয়েছিল ১৩ হাজার ২১৫ কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা, টেন্ডারে বিলম্ব, ঠিকাদার সংকট ও আমলাতান্ত্রিক ধীরগতির কারণে এডিপি বাস্তবায়নে গতি আসছে না।
সাধারণত অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার থাকে ৭ থেকে ৯ শতাংশের মধ্যে। এ বছর তা অনেক কম। আইএমইডি বলছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো তুলনামূলকভাবে কম অর্থ খরচ করেছে।
সরকার চলতি অর্থবছরে মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে।
অর্থনীতিবিদদের মতে, প্রথম প্রান্তিকের এই ধীরগতি অব্যাহত থাকলে বছর শেষে উন্নয়ন ব্যয়ে বড় ঘাটতি দেখা দিতে পারে।






















































