ভাতা না বাড়লে আমরণ অনশন: এমপিওভুক্ত শিক্ষকদের ঘোষণা

0
155

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন।

রবিবার বিকেলে শহীদ মিনারে এক সমাবেশে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

তিনি বলেন, “আগামীকাল থেকে আমরা আমরণ অনশনে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা ঘোষণা একটি প্রাথমিক বিজয়, তবে আমরা পূর্ণ ২০ শতাংশ ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না।”

এর আগে বিকেলে হাজারো শিক্ষক শহীদ মিনার থেকে শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল বের করেন। দোয়েল চত্বর পেরিয়ে হাইকোর্ট মাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলটি আটকে দেন। এ সময় শিক্ষকরা “ভুয়া, ভুয়া” স্লোগান দেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন ছিল।

দেড় ঘণ্টার বেশি সময় অবস্থান শেষে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে আসেন।

এদিকে আজ সকালে অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এমপিওভুক্তদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ এবং সর্বনিম্ন ২ হাজার টাকা নির্ধারণ করা হয়।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, “সরকার শিক্ষকদের স্বার্থে কাজ করছে। বাড়িভাড়া বিষয়ে অগ্রগতি হয়েছে, এখন শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে আসবেন বলে আশা করছি।”

তবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, চূড়ান্ত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তারা ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবেন।

Previous articleপ্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন বেড়েছে ৫ শতাংশ, ব্যয় কমেছে এক হাজার কোটি টাকানিজস্ব প্রতিবেদক
Next articleঋণ অবলোপনের আগে ৩০ কার্যদিবস আগে জানাতে হবে গ্রাহককে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here