বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের আড়ালে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। শনিবার কক্সবাজারের চকরিয়ায় এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা তার নির্ধারিত ঠিকানা দিল্লিতে গিয়ে অবস্থান করছেন। শেখ হাসিনা কখনোই বাংলাদেশে বিশ্বাস করতেন না, মানুষের সেবাও করেননি। বরং একটি পার্শ্ববর্তী দেশের সেবাদাস হিসেবে ক্ষমতায় ছিলেন।’
তিনি আরও বলেন, গত ১৬–১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদের’ কারণে জনগণ ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। তাঁর অভিযোগ, নামেমাত্র সাংবিধানিক কাঠামো বজায় থাকলেও বাস্তবে দেশে ‘বাকশালধারার’ শাসন চালু ছিল।
নিজের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘আমি প্রায় ১০ বছর নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। আপনাদের দোয়ার কারণেই আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন।’
আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গেও মন্তব্য করেন সালাহউদ্দিন। তাঁর দাবি, তাঁদের কাছে যত তথ্য আছে, তাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এই সপ্তাহেই তফসিল ঘোষণার সম্ভাবনার কথাও জানান তিনি।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে বিশ্বস্বীকৃত। জনগণই এবার নিজের ভোট নিজেরাই পাহারা দেবে।’























































