ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে গেছেন এবং তিনি কত দিন সেখানে থাকবেন—সেটি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত।
শনিবার (৬ ডিসেম্বর) দিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ মন্তব্য করেন।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনার। সহিংসতায় বহু মানুষ নিহত ও আহত হন। পরে তিনি ভারতে চলে গেলে গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন—গত বছরের ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ দমনে ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে।
জয়শঙ্কর বলেন, “তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, ভবিষ্যতে কী হবে সেটাও সেই পরিস্থিতির ওপর নির্ভর করবে। তবে সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।”
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, “যারা এখন ক্ষমতায় আছেন, তারা অতীতের নির্বাচন নিয়ে আপত্তি তুলেছেন। যদি নির্বাচনই মূল সমস্যা হয়ে থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”
তিনি আরও বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের মঙ্গল কামনা করে, এবং দুই দেশের সম্পর্ক ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর ভিত্তি করে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব’ হবে বলে আশা করেন।
জয়শঙ্করের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলই আসুক, তা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও স্থিতিশীল করবে।




















































