নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরা কোনোভাবেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। আজ শনিবার রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনার সব অপকর্মকে ভারত সাফাই দিয়েছে। পাতানো নির্বাচন, ডামি নির্বাচন, রাতের নির্বাচনে ভারতের সরাসরি মদদ ছিল। আমরা খুনি হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানাই। নতুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে তাঁকে ফেরত দিতেই হবে।’
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেন, নির্দিষ্ট পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে গেছেন এবং কতদিন সেখানে থাকবেন—এটা সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত।
বিএনপি ও জামায়াতকে উদ্দেশ করে আখতার বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর মনে করেছিলাম নতুন রাজনীতির প্রতিশ্রুতি দেবে তারা। কিন্তু নির্বাচনের আগেই অস্ত্রের মহড়া দেখাচ্ছে। জনগণ যে ক্ষমতা রাখে, ২৪ সালে সব বাহিনীর অস্ত্রের মুখেও হাসিনাকে পালাতে বাধ্য করেছে—এটা তারা ভুলে গেছে।’
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারি-বেসরকারি উভয় খাতে দলীয় আনুগত্য, ঘুষ ও দুর্নীতি ছিল চাকরি পাওয়ার শর্ত। তাঁর দাবি, এনসিপি ক্ষমতায় গেলে বেসরকারি খাতে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, ‘আমরা কারও সঙ্গে সিট বণ্টনের রাজনীতিতে যাব না। ছোট দলগুলো এক বছর ঘুরে এখন সিট না পেয়ে বক্তব্য দিচ্ছে—এটা বাংলাদেশে আর চলবে না।’
ভারত সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। এখানে আপনাদের অনেক বিনিয়োগ আছে। এখন কিছু বলছি না, তবে হস্তক্ষেপ করলে ব্রিটিশদের মতো লেজ গুটিয়ে পালাতে হবে।’






















































