গাজার ১০ লাখ শরণার্থীকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

0
302

গাজার ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের চলাচল।
ছবি: এএফপি

গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসন করার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি আজ শনিবার এক প্রতিবেদনে জানায়, এই পরিকল্পনার সঙ্গে জড়িত পাঁচটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

লিবিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও এ আলোচনার ব্যাপারে অবগত। আরব বসন্তের পর লিবিয়ার শত কোটি ডলারেরও বেশি অর্থ ফ্রিজ করেছিল যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনায় রাজি হলে সেই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম এ পরিকল্পনার বিষয়ে কোনো তথ্য থাকার কথা অস্বীকার করে বলেন, ‘ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি আঁকড়ে ধরে রাখবে। এই ভূমি, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত।’

সাবেক একনায়ক মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতায় জর্জরিত। বর্তমানে দেশটি দুটি ভিন্ন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে—পশ্চিমে আবদুল হামিদ দবেইবার নেতৃত্বে এবং পূর্বে খলিফা হাফতারের নেতৃত্বাধীন সরকার।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা কবে এবং কীভাবে বাস্তবায়ন হবে, তা এখনো পরিষ্কার নয়। এমনকি এই বিশাল পুনর্বাসন প্রকল্পের ব্যয়ভার কে বহন করবে, তাও নিশ্চিত নয়।

Previous articleনাহিদ-রিশাদ দলে যোগ দেওয়ায় নাসুমকে দেশে ফেরাচ্ছে বিসিবি
Next articleযুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধকে সুযোগ হিসেবে দেখতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here