বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খোঁজ নিতে তাঁর বাসায় ফিরেই ছুটে গেলেন পুত্রবধূ জুবাইদা রহমান। শনিবার বিকেল ৩টা ৩৮ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে পৌঁছান। খালেদা জিয়ার শয্যাপাশে সময় কাটান তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই জুবাইদা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। বিদেশে থাকার সময় তিনি অনলাইনে মেডিকেল বোর্ডের বৈঠকে যুক্ত হলেও এবার সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।
গত শুক্রবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকায় নামার পরও তিনি প্রথমেই ছুটে গিয়েছিলেন হাসপাতালে।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি মিললে তাঁর সফরসঙ্গী হিসেবেই দেশে এসেছেন জুবাইদা। শাশুড়ির চিকিৎসাবিষয়ক সিদ্ধান্তে মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও যুক্ত আছেন তিনি।
২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে শারীরিক জটিলতা বাড়ায় ২৭ নভেম্বর সিসিইউতে স্থানান্তর করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড প্রয়োজনীয় চিকিৎসা পরিচালনা করছে।























































