ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
শুক্রবার ঢাকায় ধানমন্ডিতে নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিক সংগঠন আরএফইডি ও টিআইবির যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোও যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তবে নিরপেক্ষ ভোট আয়োজন কঠিন হয়ে যাবে। এজন্য নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।
আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেকেই এখন প্রশাসনে আছেন উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, “দুর্বলতা মাথায় নিয়েই এগোতে হবে।”
প্রশাসনে দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব প্রবল হয়ে উঠেছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের শাসনব্যবস্থা রাজনীতিকরণ ও প্রতিষ্ঠান দুর্বলকরণের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নষ্ট হয়েছে।”
তার মতে, প্রশাসনে বর্তমানে তিন ধরনের গোষ্ঠী সক্রিয়—একদলীয় প্রভাবশালী, প্রতিস্থাপিত দলীয় প্রভাবশালী এবং নিরপেক্ষ থাকতে চাওয়া ছোট একটি পেশাজীবী গোষ্ঠী। এই টানাপোড়েনের মধ্যেই আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার বিষয়ে তিনি বলেন, “অবহিত করার শর্তটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে।” এ বাধা দূর করার পরামর্শ দেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, “আমরা যদি নিরপেক্ষভাবে, সত্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করি এবং স্বচ্ছতার দাবি অব্যাহত রাখি, তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আনার সুযোগ তৈরি করা সম্ভব।”























































