সরকারকে কেয়ারটেকার কাঠামোয় নিতে হবে: প্রধান উপদেষ্টাকে বিএনপিনিজস্ব প্রতিবেদক

0
87

নির্বাচনের আগে প্রশাসন ও বিচার ব্যবস্থায় ‘দলীয় প্রভাব’ দূর করার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিন সদস্যের বিএনপি প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। সরকারের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক আসিফ নজরুল ও আদিলুর রহমান খান।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, “সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকে, তাদের সরাতে হবে। প্রশাসন ও বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ না করলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন অর্থবহ করতে হলে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকারের ভূমিকা নিতে হবে। সচিবালয় থেকে মাঠ প্রশাসন পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সরিয়ে দিতে হবে।”

এ বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের জানান, নির্বাচনের আগে প্রশাসনের সব রদবদল তার সরাসরি তত্ত্বাবধানে হবে। যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

বিএনপি নেতারা বৈঠকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ঘটনার পেছনে অন্তর্ঘাতমূলক কারণ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।

এ ছাড়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত করা ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সফলভাবে আয়োজনের জন্য সরকারকে ধন্যবাদ জানায় বিএনপি।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে বুধবার জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।


Previous article৭০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে আসিফের টেস্ট অভিষেক
Next articleভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টানিজস্ব প্রতিবেদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here