নিজস্ব প্রতিবেদক
মিডিয়া দায়িত্বশীল না হলে জনগণের আস্থা ফেরানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আর এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা জরুরি।
রোববার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানের পর গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। তবে যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের ক্ষমা চাইতে হবে। অন্যথায় রাজনীতিতে ফের বিভক্তি ও সহিংসতা বাড়বে।
সাংবাদিকরা সভায় নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যপ্রবাহ অবাধ করা, আরপিও সংশোধন, গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেক জোরদার করার প্রস্তাব দেন। তারা জানান, সঠিক তথ্য না থাকায় গুজব ছড়ানোর সুযোগ তৈরি হয়।
উপদেষ্টা বলেন, অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা আনা হবে। প্রতিটি গণমাধ্যমকে নিজস্ব ফ্যাক্ট চেকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরও জানান, সাংবাদিকদের তথ্য সংগ্রহে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হবে।
সভায় তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীরসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।






















































