মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি বিমান ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা হয়।
ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে ওষুধ, তাঁবু, শুকনা খাবার এবং জরুরি চিকিৎসা সেবা। এই কার্যক্রম পরিচালিত হয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে এবং প্রধান উপদেষ্টার নির্দেশে। প্রাথমিকভাবে একটি সি-১৩০জে এবং একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান ত্রাণ বহন করে পাঠানো হয়।
গত শুক্রবার ৭.৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমারে ১,৬০০ জনের বেশি মানুষ নিহত এবং ৩,০০০ জনের বেশি আহত হন। ভূমিকম্পে সৃষ্ট সংকট মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, এ মানবিক সহায়তা মিয়ানমারের জনগণের দুর্ভোগ লাঘবে সহায়তা করবে। ভবিষ্যতে সরকার নির্দেশিত যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী নিয়োজিত থাকবে।























































