বিদেশি দূতাবাস বা হাইকমিশনের ভিসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় সিকিউরিটি ডিপোজিট ও ভিসা বন্ড পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকের মাধ্যমে বৈধভাবে এসব অর্থ বিদেশে পাঠানো যাবে।
সোমবার এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, যেসব দেশে ভিসা পাওয়ার জন্য ফেরতযোগ্য জামানত বা ভিসা বন্ড বাধ্যতামূলক, সেসব ক্ষেত্রে আবেদনকারীর পক্ষে ব্যাংকগুলো বিদেশে অর্থ পাঠাতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনেক দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো ভিসা আবেদনকারীদের কাছ থেকে আর্থিক নিশ্চয়তা চায়। আগে এই অর্থ পাঠাতে নানা জটিলতা থাকলেও নতুন সিদ্ধান্তে প্রক্রিয়াটি সহজ হবে।
সার্কুলার অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় ডিপোজিটের অর্থ আগাম লোড করা থাকবে। বিদ্যমান আন্তর্জাতিক কার্ডেও ভিসাসংক্রান্ত কাজে অর্থ পুনরায় লোড করার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশে ভিসা আবেদন করতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।























































