অনিয়মের অভিযোগ তুললেন, দায়িত্ব নিলেন না তিনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক মাফরুহী সাত্তার।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নতুন কলা ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মাফরুহী সাত্তার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।
মাফরুহী সাত্তার বলেন, “নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি দেখা দিয়েছে। সেগুলো দূর করার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছেন। আমি এ দায়ভার নিতে চাই না, তাই পদত্যাগ করেছি।”
তিনি আরও জানান, শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের ডাকা সভায় দীর্ঘ আলোচনা হয়। নামাজ পড়তে গিয়ে ফিরে এসে দেখেন ভোট গণনা শুরু হয়ে গেছে। “আমি কমিশনকে বারবার অনুরোধ করেছি অভিযোগ ও সমস্যাগুলো বিবেচনা করে গণনা স্থগিত রাখতে। কিন্তু তা হয়নি।”
চাপের মুখে নয়, বরং বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন বলেও দাবি করেন তিনি। মাফরুহী সাত্তার বলেন, “আমাকে বরং চাপ দেওয়া হয়েছে যেন আমি পদত্যাগ না করি। কিন্তু আমি কাউকে ভয় করি না। সঠিক মনে হওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
সুনির্দিষ্ট অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনই বিস্তারিত বলা সম্ভব নয়, সময় নিয়ে তা জানাবেন।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জনের মধ্যে ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যমতে, হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। শুক্রবার সন্ধ্যায় জানানো হয়, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে।























































