নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১০ নভেম্বর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে সরকারের সিদ্ধান্ত খুব শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকারের অবস্থান স্পষ্ট। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে ইতিমধ্যেই ঐকমত্য হয়েছে। যে বিষয়গুলোতে হয়নি, সেগুলোতে দলগুলো নিজেরা বসে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু তারা এখনও সেই প্রক্রিয়ায় যায়নি।”
রিজওয়ানা বলেন, “আমরা বলেছিলাম, রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সমাধানে না পৌঁছায়, তবে সরকার সিদ্ধান্ত নেবে। যেহেতু সাত দিন পার হয়ে গেছে, এখন সরকার বসবে এবং আলোচনা করে যা ভালো মনে করবে, সেই সিদ্ধান্তই নেবে।”
সরকারের সিদ্ধান্ত আরোপ করা হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “কেউ তো বলেনি সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের দায়িত্বই হলো অচলাবস্থা দূর করা। তাই জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় সরকার যা ভালো মনে করবে, সেটাই করবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না নিতে পারে, তবে অন্যের সিদ্ধান্ত মানতেই হবে। সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা তাকে পালন করতে দিতে হবে।”
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় এখন রাজনৈতিক অঙ্গন। জুলাই সনদ ও গণভোট নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা ও আলোচনা চলছিল।






















































