দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, নিহত অন্তত ১৩

0
81

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, সোমবার

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার সন্ধ্যায় মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের বেশ কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং পুরো দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করে।

দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ ও ৪ নম্বর গেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন,
“এমন শব্দ আমি জীবনে শুনিনি। বিস্ফোরণের শক্তিতে আমি পড়ে যাই, মনে হচ্ছিল সবাই মরে যাব।”

আরেকজন জানান, “রাস্তাজুড়ে দেহাবশেষ পড়ে ছিল, কেউই বুঝে উঠতে পারছিল না কী ঘটেছে।”

আহত এক অটোরিকশাচালক বলেন, “আমার সামনে থাকা সুইফট ডিজায়ার গাড়িটিই হঠাৎ বিস্ফোরিত হয়। বুঝিনি কীভাবে এটা ঘটল।”

এদিকে একই দিনে জম্মু ও কাশ্মীরে জইশ-ই-মোহাম্মদ ও আনসার গাজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।

হরিয়ানার ফরিদাবাদের ধাউজ গ্রামে এক চিকিৎসকের ভাড়া নেওয়া বাড়ি থেকে ৩৬০ কেজি বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশ বলেছে, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Previous article১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার সরকারি প্রাথমিক শিক্ষকদের
Next articleজুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে সরকার: রিজওয়ানা হাসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here