বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত ‘রোড ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি ২০২৬’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে নিরাপদ, স্থিতিশীল ও শিল্পসমৃদ্ধ দেশে পরিণত করা। উন্নয়ন পরিকল্পনায় কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, দেশি-বিদেশি অংশীদারদের কাছে বাংলাদেশকে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি ব্যবসার পরিবেশ সহজ করতে কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি দেন।
বক্তারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজার অনুসন্ধান এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, ব্যবসায়ী প্রতিনিধি ও বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।



















































