গাজা থেকে হামাসের হাতে থাকা মোট ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সোমবার সকালে শেষ পর্যায়ে ১৩ জন জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কর্মকর্তাদের হাতে তুলে দেয় হামাস। এরপর রেডক্রসের তত্ত্বাবধানে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়—এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ১ হাজার ৯০০-র বেশি ফিলিস্তিনি বন্দি ও আটককৃতকে মুক্তি দিতে যাচ্ছে। পাশাপাশি নিহত ২৮ ইসরায়েলি জিম্মির মরদেহও ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
তেল আবিবে জিম্মিদের স্বজন ও বন্ধুরা খবরটি শুনে আনন্দে উল্লাসে ফেটে পড়েন। অনেকেই শহরের স্কয়ারে স্থাপিত বড় পর্দায় বন্দি বিনিময়ের দৃশ্য দেখেন।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টার দিকে প্রথম পর্যায়ে ৭ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। এরপর আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) জানায়, “তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রত্যাবর্তনের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।”
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে মুক্তিপ্রাপ্ত প্রথম সাত জিম্মির নাম প্রকাশ করেছে। তারা হলেন— গালি বারমান, মাতান আংগ্রেস্ট, জিভ বারমান, আলোন ওহেল, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান ও গাই গিলবোয়া-ডালাল।
জিম্মিদের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রণালয় লিখেছে, “ওয়েলকাম হোম।”




















































