নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) দলের নাম ঘোষণা করবেন তিনি।
নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন। আমন্ত্রণপত্রে নতুন দলের প্রধান তিন নেতার নাম উল্লেখ করা হয়েছে:
- ইলিয়াস কাঞ্চন
- সাবেক মন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন
- বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ
দলীয় সূত্র জানায়, গোলাম সারোয়ার মিলন নির্বাহী চেয়ারম্যান এবং শওকত মাহমুদ মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন।
বহুমুখী পেশার ব্যক্তিত্বদের অংশগ্রহণ
নতুন দলে রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের লোকজন থাকবেন বলে জানা গেছে।
ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক যাত্রার সূচনা
১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু পর সড়ক নিরাপত্তা নিয়ে সামাজিক আন্দোলনে যুক্ত হন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসা এই অভিনেতাকে বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও এবারই প্রথম তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হচ্ছেন।
রাজনৈতিক অঙ্গনে কৌতূহল
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন এই দল আত্মপ্রকাশের খবরে দেশের রাজনীতিতে ইতিমধ্যেই ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে নতুন দলটির লক্ষ্য ও কার্যক্রমের দিকে নজর রাখা হচ্ছে।























































