ভারত পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে: পাকিস্তানের সেনাবাহিনী

0
230

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার পাকিস্তানের সামরিক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। হামলার লক্ষ্যবস্তু বিমানঘাঁটিগুলোর মধ্যে একটি দেশটির রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত।

পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাত শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই উত্তেজনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেন, ভারত তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনও উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি।

হামলার লক্ষ্যবস্তু বিমানঘাঁটিগুলোর মধ্যে অন্যতম রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি। এটি ইসলামাবাদ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। রাতভর ইসলামাবাদ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। নূর খান বিমানঘাঁটিতে গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের যাতায়াত হয়। হামলার কয়েক ঘণ্টা আগেই সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর এই ঘাঁটি থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের উগ্র আচরণ দুই পারমাণবিক শক্তিধর দেশকে বড় সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রী দপ্তর।

বুধবার রাত থেকে শুরু হওয়া এই সংঘাতে দুই দেশে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পাকিস্তানের।

এর আগে ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার সূত্রপাত হয়, যা এখনও চলমান।

Previous articleচট্টগ্রাম বন্দরে ৩০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ
Next articleআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here