নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২ নভেম্বর ২০২৫
চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৫৬ বিলিয়ন (২৫৬ কোটি) ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।
অন্যদিকে, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) মোট রেমিট্যান্স এসেছে ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ দশমিক ৯ বিলিয়ন ডলার।
ব্যাংকখাতের কর্মকর্তারা বলছেন, বর্তমানে ডলারের বাজার স্থিতিশীল রয়েছে এবং হুন্ডির প্রভাব কমে যাওয়ায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। এখন ব্যাংকে দেওয়া ডলারের বিনিময় হার প্রায় খোলা বাজারের সমান, ফলে প্রবাসীরা ব্যাংক ব্যবস্থায় অর্থ পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
তারা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। গত এক বছর ধরে প্রতি মাসে গড়ে আড়াই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসছে দেশে।























































