চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৮.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১০.৬১ শতাংশ।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইপিবি জানিয়েছে, সামগ্রিক প্রবৃদ্ধি ইতিবাচক হলেও চলতি বছরের আগস্ট মাসে রপ্তানি আয় কমেছে। আগস্টে আয় হয়েছে ৩.৯২ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৪.০৩ বিলিয়ন ডলার। অর্থাৎ আগস্টে রপ্তানি আয় ২.৯৩ শতাংশ কমেছে।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বাজারে চাহিদার ওঠানামা ও বাজার পরিস্থিতির পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের রপ্তানি খাত চাপের মুখে রয়েছে। আগস্টের ধাক্কা সেই বাস্তবতাকেই স্পষ্ট করেছে।






















































