সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ইসলামী আন্দোলন

0
112

সংস্কার ও বিচার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে জনমতের প্রতিফলনের জন্য পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন জরুরি বলেছে দলটি।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ।

অধ্যাপক আশরাফ বলেন, “গত ৫৩ বছরে জনমতের প্রতিফলন হয়নি। ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন করলে জনমতের প্রতিফলন হবে না। ৩১টি দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে।” প্রয়োজনে এ বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও দেন তিনি।

একই বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী দাবি করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনে থাকা আওয়ামী লীগ–সমর্থিত কর্মকর্তাদের সরিয়ে দিতে হবে। তিনি সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের ধারা ফিরিয়ে আনার দাবি জানান।

এদিকে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রস্তাব দেন—নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হোক। তিনি বলেন, “সংস্কার ও বিচার বাস্তবায়ন জরুরি। যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো এখনই অধ্যাদেশ জারি করে করা যেতে পারে।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। তিনি অভিযোগ করেন, “জাতীয় পার্টির কাঁধে ভর করে শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা করছেন।”

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নিরপেক্ষ নির্বাচনের জন্য পরামর্শ চেয়েছেন। তবে প্রশাসনিক কাঠামো এখনো ঠিক হয়নি। পুলিশ ও প্রশাসন বদলিতে লটারির প্রস্তাবকে তিনি ‘শিশুসুলভ’ বলে আখ্যা দেন।

প্রধান উপদেষ্টা বৈঠকে দলের সব প্রস্তাব নোট করেছেন এবং সেগুলো পর্যালোচনা করে মতামত জানাবেন বলে জানানো হয়।

Previous articleনির্বাচন পর্যন্ত নানা বাধা আসবে: প্রধান উপদেষ্টা
Next articleদুই মাসে রপ্তানি আয় ৮.৬৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১০.৬১%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here