প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

0
43

সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত নির্দেশনা’ শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বছরে একবার করে বিনামূল্যে ইউনিফর্ম পাবে। বর্তমান সরকারের মেয়াদেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সমতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। ইতোমধ্যে কিছু স্কুলে ‘মিড-ডে মিল’ চালু হয়েছে এবং আগামী বছরের মধ্যে এই কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার গুণগত মানোন্নয়নে ‘থ্রি-সি’—কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি—কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান কারিকুলামে কিছু জটিলতা রয়েছে। অনেক শিক্ষার্থী সাবলীলভাবে পড়তে পারছে না, তাই কারিকুলাম পর্যালোচনা ও আধুনিকায়নের কাজ চলছে।

শিশুদের জন্য পাঠদানকে আরও আকর্ষণীয় করতে খেলাধুলা ও গল্পভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কোনো সংস্কারই হঠাৎ করে চাপিয়ে দেওয়া হবে না; বরং পাইলট প্রকল্প ও শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

Previous articleঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট আবার চালু
Next articleরেমিট্যান্স ডলারের দর ১২২.৯০ টাকায় রাখতে মৌখিক নির্দেশ -এর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here